ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আকাশ নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
দুই নারীর মধ্যে একজন সম্পর্কে আকাশের দাদী ও অপরজন তার ফুফু হয়। তাদের উদ্ধার করতে গেলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আলিয়াবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, আকাশ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। মাঝেমধ্যে তার মানসিক অবস্থার অবনতি হতো, তখন তিনি হাসপাতালেও যেতেন না। তবে অন্য সময় তিনি স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতেন। মূলত মানসিক ভারসাম্যহীনতার কারণেই তাকে বিয়ে দেওয়া হয়নি বলে জানান এই জনপ্রতিনিধি। জনস্বাস্থ্য বিভাগে তার চাকরিটিও ছিল এক আত্মীয়ের মাধ্যমে পাওয়া।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক আকাশকে গ্রেপ্তারের জন্য চিরুনি অভিযান শুরু করা হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রাত পৌনে বারোটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

