বালু ভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

১৮ জুন ২০২৬,

৪ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বালু ভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ১৮ জুন ২০২৬

Google News
বালু ভর্তি ট্রাক উল্টে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে রেলপথ সংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজারহাট উপজেলার পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেললাইন বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে অনেক যাত্রী বিকল্প উপায়ে তিস্তা জংশন স্টেশনের উদ্দেশে রওনা দেন।

ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, ‘সকালে স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনে যেতে হয়েছে। এতে বাড়তি খরচ ও সময় দুটোই লেগেছে।’

যাত্রী আব্দুল কাদের বলেন, ‘আগে থেকে কোনো তথ্য না থাকায় স্টেশনে এসে বিপাকে পড়েছি। জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। এখন বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজার রহমান বলেন, ‘ভোরের দিকে বিকট শব্দ শুনে এসে দেখি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে আছে। এতে পুরো লাইন বন্ধ হয়ে যায়।’

আরেক স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ‘এ সড়কে ভারী যানবাহন চলাচল অনেক বেশি। দুর্ঘটনার কারণে যাত্রীদের পাশাপাশি স্থানীয়দেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।’

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাক অপসারণ ও রেলপথ সচলের কাজ শুরু করে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, ‘বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

রেলওয়ে সূত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের