ভাঙ্গায় সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-বরিশাল মহাসড়ক

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

বুধবার,

০১ জুলাই ২০২৬,

১৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

ভাঙ্গায় সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-বরিশাল মহাসড়ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৪, ৩০ জুন ২০২৬

Google News
ভাঙ্গায় সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-বরিশাল মহাসড়ক

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমার নদের দুই তীরের পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে দুই পক্ষের শত শত মানুষ ইট-পাটকেল, ঢাল ও সড়কি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এতে কয়েকজন আহত হন। এছাড়া একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের কুমার নদের সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। এদের মধ্যে সুমন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দু'জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সংঘর্ষের কারণে রাত ৮টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের