রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও বরকলে ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি হঠাৎ বেড়ে গেছে। শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল ছাড়িয়ে যায়। এ অবস্থায় শনিবার রাত ১০টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট একসঙ্গে ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা, পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বৃষ্টিপাত, পানির উচ্চতা ও ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে। ইনফ্লো বাড়লে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
পাউবোর রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এর বেশি হলে দ্রুত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দিতে হয়। রাতে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। এতে রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী এলাকায় কর্ণফুলী নদীর পানির স্তর বাড়তে পারে। তাই এসব এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে পাউবো।
রেডিওটুডে নিউজ/আনাম

