সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভাইরাল ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের একাংশ নানা মন্তব্য করছেন। কেউ কেউ তাকে নেশাগ্রস্ত বলেও দাবি করেছেন। তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। নিজের আসল চুল আড়াল করে উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশ দিতে শোনা যায় তাকে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। ভিডিওতে অভিনেত্রীর কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো বিভিন্ন দাবি তুলেছেন। তার ব্যক্তিগত আচরণ নিয়েও অনেকে মন্তব্য করেছেন।
তবে এসব দাবির সঙ্গে একমত নন হানিয়ার অনেক ভক্ত। তাদের মতে, ভিডিওতে এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই, যার ভিত্তিতে তাকে নেশাগ্রস্ত বলা যায়। কেউ কেউ ধারণা করছেন, ঘুম থেকে ওঠার পর কিংবা কোনো অনুষ্ঠানের প্রস্তুতির সময় স্বাভাবিকভাবেই তাকে এমন দেখাতে পারে।
অনেক দর্শক আবার সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের স্বাভাবিক আনন্দ-উচ্ছ্বাসকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরির সমালোচনা করেছেন। তাদের মতে, যথেষ্ট প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে মাদক বা অ্যালকোহল গ্রহণের সঙ্গে জড়ানো ঠিক নয়।
এদিকে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভাইরাল ভিডিও নিয়ে হানিয়া আমির বা তার দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। ভাইরাল ভিডিওকে ঘিরে তৈরি হওয়া আলোচনা ও বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নেটিজেনদের আগ্রহ অব্যাহত রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

