সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। পরে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ মরদেহগুলো দেশে পাঠানো হলো।
শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাত জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন— উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।
জানা গেছে, আগুন লাগার দিন রাতে কাজ শেষে শ্রমিকেরা কারখানার ভেতরেই ঘুমাচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর কেউ বের হতে পারেননি। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশির মৃত্যু হয়।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, নিহত বাকি প্রবাসীদের মরদেহ দেশে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

