চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।
এমন সময় এই উদ্বেগ তৈরি হয়েছে, যখন উদ্ধারকারীরা বুধবারের ভূমিধসের পর বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিব্বতে চীনের অনুসন্ধানী দলগুলো দিনভর গিরং বন্দরের আশপাশে বন্যার ঝুঁকি মূল্যায়ন করেছে। নেপালের চোচেন নদী এবং পুরুচাংপো জাংবো নদীর মিলনস্থলের কাছে এই হ্রদ গঠিত হয়েছে।
তারা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছে, উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জলাধারকে স্থিতিশীল রাখা এখন অগ্রাধিকার।
চীনের পানি সম্পদ মন্ত্রণালয় মডেলিং প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিতে থাকা পানির পরিমাণের হিসাব করেছে। তারা এখন বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী তিন দিনের মধ্যে হ্রদটির তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, সম্ভাব্য ভাঙনের জন্য তারা প্রস্তুতি নেবে এবং জরুরি উদ্ধার কার্যক্রমে সহায়তা দেবে।
রেডিওটুডে নিউজ/আনাম

