গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ফুলবাড়িয়া থেকে কালিয়াকৈরগামী সিএনজি অটোরিকশা এবং বিপরীত দিক থেকে মাওনাগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলেই প্রাণ হারান নাসিমা (৪০) এবং ফিরোজা (৪৫)। আহত হন আরও চারজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল নামে আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে তৈরি হয় যানজট। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

