গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক মাদরাসাছাত্র। বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
নিহতরা হলো—কুমিল্লার হোমনা উপজেলার আল আমিনের ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী আল রাফি (১৪) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের কালা মৃধার ছেলে ও টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া মাদ্রাসার মিঝান জামাতের শিক্ষার্থী ইয়াছিন মৃধা (১৩)।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে উপজেলা পরিষদ এলাকা থেকে গিমাডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইয়াছিনসহ অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইয়াছিন মৃধার মৃত্যু হয়। আহত অপর শিক্ষার্থীর চিকিৎসা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

