‘মক্কা চুক্তি’ নিয়ে ঢাকার সিদ্ধান্তের বিষয় নিয়ে যা বললেন ইরানের রাষ্ট্রদূত

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

‘মক্কা চুক্তি’ নিয়ে ঢাকার সিদ্ধান্তের বিষয় নিয়ে যা বললেন ইরানের রাষ্ট্রদূত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬

Google News
‘মক্কা চুক্তি’ নিয়ে ঢাকার সিদ্ধান্তের বিষয় নিয়ে যা বললেন ইরানের রাষ্ট্রদূত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে নেয়া কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না ইরান। তাছাড়া এ চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা মক্কা শান্তি চুক্তিকে ইরানের বিরুদ্ধে মনে করি না। বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েও আমরা উদ্বিগ্ন নই।’

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাহানাবাদী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ নীতি ইরান ভালোভাবেই বোঝে।’ আন্তর্জাতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য উদ্বেগের কারণ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে তারা গুরুত্ব দেন। ঢাকার সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াতে চায় তেহরান।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ চায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত শেষ হোক এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক।’

পাকিস্তান ও সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘ইরান এসব উদ্যোগকে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্য হুমকি হিসেবে দেখে না।’ তার মতে, সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগগুলো থেকে বোঝা যাচ্ছে, দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজেরাই ব্যবস্থা নিতে চাইছে। মক্কা চুক্তি এর ভালো প্রমাণ।

এর আগে, রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেয়াতে কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও কোনো বাধা তৈরি হবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের