পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে। মুকসুদপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জয়জয়কার, বিএনপির জয়জয়কার, তারেক রহমানের জয়জয়কার।’
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ অনেকেই।
আলোচনাসভার আগে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

