তিন দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা সরেজমিন ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার দুপুরে সফরসঙ্গীদের নিয়ে তিস্তা ব্যারাজ ও সংশ্লিষ্ট সেচ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের শুরুতে তাঁকে স্থানীয়দের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান ভৌগোলিক পরিস্থিতি, নাব্য সংকট এবং শুষ্ক মৌসুমে সেচ প্রকল্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় পাউবোর কর্মকর্তারা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নদী সংস্কার কাজ এবং পানি সংকটের কারণে স্থানীয় কৃষি ও কৃষকদের ওপর পড়া বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
সফরকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
এর আগে নির্ধারিত সফরসূচি অনুযায়ী সকালে রংপুর জেলার বেতগাড়িতে ‘প্যারাগন গ্রুপ’ পরিচালিত অত্যাধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শনে যান রাষ্ট্রদূত। নীলফামারীর তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে বিকেলে তিনি সড়কপথে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় অবস্থিত ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।
রেডিওটুডে নিউজ/আনাম

