ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উঁচু একটি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে তারের ওপর শুয়ে-বসে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। তাঁকে দেখে আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন স্থানীয় কৃষকরা। প্রায় সাত ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর অক্ষত অবস্থায় তাঁকে নিচে নামিয়ে আনা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম মো. সাগর মিয়া (৩৩)। তিনি নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
স্থানীয়, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা মাঠে কাজ করার সময় দেখতে পান, সাগর নবনির্মিত বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছেন। একপর্যায়ে তাঁকে টাওয়ারের তারের ওপর শুয়ে-বসে হাত-পা নাড়াতেও দেখা যায়। প্রায় ২০০ ফুট ওপর থেকে যুবকের এমন কর্মকাণ্ড দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁরা ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নানা কৌশল প্রয়োগ করে যুবককে নিরাপদে নামানোর চেষ্টা শুরু হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে তাঁকে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
স্থানীয় কৃষক হারুন মিয়া ও জুয়েল মিয়া বলেন, তাঁরা জমিতে কাজ করার সময় ওই যুবককে বিদ্যুতের টাওয়ারে উঠে ঘোরাঘুরি করতে দেখেন। মাঝে মাঝে তারের ওপর শুয়েও ছিলেন তিনি। বিষয়টি দেখে তাঁরা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান।
ভালুকা মডেল থানার এসআই মো. সবুজ মিয়া বলেন, ওই লাইনে নতুন তার টানা হলেও এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে এত উঁচুতে উঠে যুবকের অবস্থান করায় পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাঁকে নিরাপদে নিচে নামানো হয়েছে। পরে তাঁকে থানা হেফাজতে রাখা হয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে সাগরকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

