নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়টি আরও ‘গতিশীল’ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। তিনি বলেন, ‘ওয়েজ বোর্ডের বিষয়টি আর পড়ে থাকতে পারবে না।’
আজ (সোমবার, ৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা না, বেশ কয়েকটা হবে।’
জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন বেতন স্কেলের আওতায় আসবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে, মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে মূল বেতন বাস্তবায়ন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে কার্যকর হবে। বেতন-ভাতার অন্যান্য সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের ২০টি গ্রেডের মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। আর ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১২ বছর ধরে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল হয়নি। সাধারণভাবে পাঁচ বছর পরপর বেতন স্কেল পরিবর্তনের কথা থাকলেও দীর্ঘ সময় বেতন না বাড়ায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান কমেছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।’
নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
এদিকে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংশ্লিষ্ট এসআরও জারি না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।’
রেডিওটুডে নিউজ/আনাম

