কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৪ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯, ২৯ আগস্ট ২০২৬

Google News
কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী

উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং ও চিলিন প্রদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সফরকালে কৃষি আধুনিকীকরণ এগিয়ে নেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। 

হেইলংচিয়াং সফরকালে লি ছিয়াং একটি রাষ্ট্রীয় খামার পরিদর্শন করেন। সেখানে তিনি সয়াবিন, ভুট্টা ও ধানের ফলন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, দেশের বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের বড় অংশই আসে শরৎকালীন ফসল থেকে। এ কারণে খাদ্যশস্যের বাম্পার ফলন নিশ্চিত করতে নিবিড় জমি ব্যবস্থাপনা এবং নীতিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।

একটি কৃষি বিজ্ঞান পার্ক ও ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে প্রধানমন্ত্রী লি উন্নত জাতের বীজ উদ্ভাবন এবং এ অঞ্চলের উর্বর কালো মাটির সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। উচ্চ ফলন নিশ্চিত করতে কৃষি বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে তিনি বীজ প্রজনন, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং বুদ্ধিমত্তাভিত্তিক কৃষির ওপর বাড়তি জোর দেওয়ার পরামর্শ দেন।

এ সময় একটি পানিসম্পদ সংরক্ষণ প্রকল্পও পরিদর্শনকালে প্রধানমন্ত্রী  প্রকল্পটির নির্মাণ অগ্রগতি পর্যালোচনা করে বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থা এবং পরিবেশগত সুবিধা বৃদ্ধির মাধ্যমে স্থিতিশীল ও উচ্চ ফলন বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে এর কাজ শেষ করার তাগিদ দেন।

অন্যদিকে, চিলিন প্রদেশ সফরে লি ছিয়াং একটি কৃষি সমবায় পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। সেখানে তিনি মাঝারি ও বড় আকারের কৃষি পরিচালনার বৈচিত্র্যময় মাধ্যম গড়ে তোলার পরামর্শ দেন। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের আধুনিক কৃষিব্যবস্থার সঙ্গে যুক্ত করতে কৃষিসেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান।

একটি শস্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভুট্টা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করে শিল্প খাতটির আরও বিস্তৃত উন্নয়নে কৃষিপণ্যের নিবিড় প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া লি ছিয়াং স্থানীয় ছাকান লেক পরিদর্শন করে সেখানকার পরিবেশবান্ধব মৎস্য চাষ ব্যবস্থা প্রত্যক্ষ করেন। তিনি আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ গড়ে তোলার পাশাপাশি কৃষি, বন, গবাদিপশু ও মৎস্য শিল্পের সমন্বিত উন্নয়ন এবং পরিবেশবান্ধব পর্যটন প্রসারের তাগিদ দেন।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন