উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের বরফ ও জলবায়ু পরিবর্তনের রহস্য উন্মোচনে বড় সাফল্য পেয়েছে চীন। দেশটির ১৬তম বৈজ্ঞানিক গবেষণা দল উচ্চ অক্ষাংশের বরফাচ্ছন্ন সমুদ্রে তাদের নির্ধারিত সবকটি বরফ স্টেশন জরিপের কাজ সফলভাবে শেষ করেছে।
এই অভিযানে ‘সুয়েলং-২’ সহ চীনের দুটি মেরু গবেষণা জাহাজ (আইসব্রেকার) অংশ নেয়। গবেষকেরা মধ্য আর্কটিক মহাসাগরের মোট ১৯টি বরফ স্টেশনে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান। এতে প্রথমবারের মতো উত্তর মেরুর সাগরে একটি বহুমুখী পর্যবেক্ষণ নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হলো।
এই বৈজ্ঞানিক অভিযানের অন্যতম বিশেষ দিক ছিল চীন-নির্মিত নিজস্ব গবেষণা যন্ত্রপাতির বড় আকারের ব্যবহার।
গবেষকদের সংগৃহীত এসব তথ্য থেকে উত্তর মেরুর বরফ কীভাবে গলছে বা গলনের প্রক্রিয়া কেমন, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। গবেষকদের মতে, এই তথ্যগুলো বিশ্বজুড়ে আগামী দিনের আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস আরও নিখুঁতভাবে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেডিওটুডে নিউজ/আনাম

