দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানি বাহিনীর নৃশংসতার ঐতিহাসিক দলিল হুনান প্রদেশের একটি স্মৃতিসৌধে হস্তান্তর করেছেন চীন ও ফ্রান্সের তিন তরুণ সংগ্রাহক। দুই ফরাসি ও একজন চীনা তরুণের যৌথ উদ্যোগে ফ্রান্সে সংগৃহীত এসব মূল্যবান নথি সম্প্রতি হুয়াইহুয়া শহরের চেচিয়াং কাউন্টিতে অবস্থিত ‘জাপানি আত্মসমর্পণ গ্রহণ স্মৃতিসৌধে’ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
হস্তান্তর করা এসব নথিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হুনান অঞ্চলে জাপানি বাহিনীর বিমান হামলা, সামরিক দখলদারিত্ব, সাধারণ মানুষের ওপর চালানো নির্যাতন এবং বড় আকারের লুটপাটের প্রত্যক্ষ বিবরণ রয়েছে।
গবেষকদের মতে, চীনের নিজস্ব নথিপত্রের পাশাপাশি এসব নিরপেক্ষ বিদেশী বা তৃতীয় পক্ষের দলিল সে সময়ের প্রকৃত ঘটনাগুলোকে আরও নির্ভুল ও তথ্যসমৃদ্ধভাবে প্রমাণের সুযোগ করে দেবে। সেই সাথে হুনানের প্রতিরোধযুদ্ধ নিয়ে বিদেশে সংরক্ষিত উপকরণের যে ঘাটতি ছিল, তাও পূরণ হবে।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দান করা উপকরণগুলো তালিকাভুক্ত করার পাশাপাশি খুব দ্রুত এগুলোর ডিজিটাল সংরক্ষণ ও ইলেকট্রনিক আর্কাইভ তৈরি করা হবে। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

