বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ছয় মাসের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষায় সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই নতুন বেতন কাঠামো করা হয়েছে। এতে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডে মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
মাহদী আমিন জানান, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে পর্যায়ক্রমে তিন ধাপে কার্যকর করা হবে। একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপভিত্তিক নিট পেনশন বৃদ্ধির সুবিধা কার্যকর হবে।
প্রতিবন্ধী সন্তান ভাতাও চালু
নতুন পে-স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মতো মাসিক ৩ হাজার টাকা ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু করা হচ্ছে।
মাহদী আমিনের দাবি, এসব উদ্যোগের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান, সমৃদ্ধি ও মর্যাদা আরও বাড়বে।
রেডিওটুডে নিউজ/আনাম

