নবম জাতীয় পে-স্কেলের খসড়া সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের জন্য এটি আজ সোমবার উত্থাপন করা হতে পারে। অনুমোদন মিললে শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বিভিন্ন ভাতা বাস্তবায়নের প্রস্তাব রয়েছে।
খসড়া সুপারিশে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বর্তমানে প্রচলিত বেতন কাঠামোর তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশনসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সরকারের ১৮০ দিনের কার্যক্রমের ই-বুকেও নবম পে-স্কেল চালুর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে প্রস্তাবিত কাঠামোর চূড়ান্ত বাস্তবায়ন মন্ত্রিসভার অনুমোদন এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

