জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন—জামালপুর সদরের রশিদপুর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আবদুল মালেক এবং মো. আনু। রায় ঘোষণার সময় সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থ আদায় করে ভুক্তভোগী নারীকে হস্তান্তরের জন্য আদেশ দেয় আদালত।
নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় রাত ১১টার দিকে আসামিরা ওই নারীকে মুখে গামছা বেঁধে অপহরণ করে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এ ঘটনায় ওই নারী জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

