যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার যে সুবিধা ছিল, তা বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়ম কার্যকর হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজের অনুমতি নবায়ন না হলে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনেক অভিবাসীকে কাজ বন্ধ রাখতে হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া*র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে ব্লুমবার্গ ল–এর বরাতে বলা হয়, গত বছর চালু হওয়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ীভাবে বাতিল করে নতুন বিধি জারি করেছে ডিএইচএস। এর ফলে আগের প্রশাসনের সময় চালু হওয়া কাজের অনুমতির সর্বোচ্চ ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না।
নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের আবেদন করলেও অনুমোদন না পাওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। ফলে আবেদন নিষ্পত্তিতে দেরি হলে সংশ্লিষ্ট কর্মীদের সাময়িকভাবে চাকরি বন্ধ রাখতে হতে পারে।
এ ছাড়া বিদেশি কর্মীরা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের বেশি আগে নবায়নের আবেদন করতে পারবেন না। অর্থাৎ, মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আবেদন করতে হবে। তবে আবেদন জমা দেওয়ার পর অনুমোদন পেতে দেরি হলে কর্মসংস্থানে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা।
নতুন সিদ্ধান্তের ফলে যেসব বিদেশি কর্মী কাজের অনুমতিপত্রের নবায়নের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রে চাকরি করছেন, তাদের আবেদন করার সময়সীমা ও প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের অনুমতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাদের নবায়নে বিলম্ব হলে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

