বুধবার,

১৪ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

বুধবার,

১৪ অক্টোবর ২০২৬,

২৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ১৩ অক্টোবর ২০২৬

Google News
সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের জেরে সৌদি আরবে যখন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া, এমনকি টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশটির অধিকাংশ এলাকায় বিভিন্ন মাত্রার বজ্রঝড় হতে পারে। এর সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাত, প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ ও ধুলিঝড়ের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় এবং রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মক্কা-তায়েফসহ বিভিন্ন এলাকায় সতর্কতা
পবিত্র নগরী মক্কা ও তায়েফ ছাড়াও আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আল-লিথ ও আল-কুনফুদা এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

টর্নেডো ও আকস্মিক বন্যার শঙ্কা
আবহাওয়া কেন্দ্র সতর্ক করেছে, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হতে পারে। এতে ধুলা ও বালু উড়ে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। যেসব এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে, সেখানে টর্নেডো বা জলস্তম্ভ তৈরির ঝুঁকিও রয়েছে।

সতর্ক থাকার আহ্বান কর্তৃপক্ষের
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হবে।

এ পরিস্থিতিতে বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। পাশাপাশি সংস্থাটির ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত সরকারি পূর্বাভাস ও সতর্কবার্তা অনুসরণ করতে বলা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার সময় বন্যাপ্রবণ এলাকা, জল জমে থাকা সড়ক এবং ঝুঁকিপূর্ণ উপকূলীয় স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের