রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

রোববার,

১১ অক্টোবর ২০২৬,

২৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‎‎অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২১, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:২২, ১১ অক্টোবর ২০২৬

Google News
‎‎অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংসা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর অহিংসা আদর্শ আজও অনুকরণীয়।

আজ রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। 

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সম্প্রীতি ও অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য সংগ্রাম করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণেও শান্তিপূর্ণ সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনাসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মনোভাব জোরদার করতে হবে। 

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অহিংসা চর্চা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের