সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ২৯৫ জনের মৃত্যু হলো; আর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন।
আজ শুক্রবার (০৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি অক্টোবরেই ৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে এক হাজার ৩০০ জন সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। এখন পর্যন্ত ৮৯ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
রেডিওটুডে নিউজ/আনাম

