জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিংয়ের সঙ্গে চীনের সাবেক এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। গুপ্তচরবৃত্তির সন্দেহে হ্যানিং গ্রেপ্তার হওয়ার পর এ তথ্য জানিয়েছে জার্মান সাময়িকী স্পিগেল।
রয়টার্স জানায়, স্পিগেলের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অবসরে যাওয়ার পর বেশ কয়েকবার চীন সফর করেন হ্যানিং। এসব সফরের সময় তার পরিচয় হয় চীনের সাবেক মেজর জেনারেল ওয়াং জিয়াংঝেংয়ের সঙ্গে। ওয়াং একসময় পূর্ব জার্মানিতে চীনের দূতাবাসে কাজ করেছেন। তিনি জার্মান ভাষার কয়েকটি বই চীনা ভাষায় অনুবাদও করেছেন।
সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে পাওয়া গোপন নথি বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে দেওয়ার সন্দেহে চলতি সপ্তাহে হ্যানিংকে গ্রেপ্তার করা হয়। অবসরে যাওয়ার পর তিনি স্বাধীন নিরাপত্তা পরামর্শক হিসেবে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, ওই সময়েই এসব ঘটনা ঘটে।
তবে কোন ধরনের গোপন তথ্য অন্যের কাছে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তা জানায়নি সরকারি কৌঁসুলিরা।
এসব তথ্য কার কাছে দেওয়া হয়ে থাকতে পারে, সে বিষয়েও তারা কোনো মন্তব্য করেননি।
হ্যানিংয়ের আইনজীবী এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক জবাব দেননি। তবে স্পিগেলকে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, তার মক্কেল জার্মানির স্বার্থের কোনো ক্ষতি করেননি। তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

