আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।
চিপ হুইপ বলেন, যেহেতু বিএনপি একটি বড় দল এবং তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত, তাই দল থেকে যাতে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেয়া যায়, আমরা সেই চেষ্টা করব। তবে দলীয় প্রতীকে এ বছর নির্বাচন হবে না, এটি আগে ছিল।
তিনি বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে ও উৎসবমুখবর পরিবেশে যাতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এই নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করতে পারে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য— এমন ব্যক্তিরাই যাতে বেরিয়ে আসে।
এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায়, তবে সে বিষয়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শৃঙ্খলার বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। কোনোভাবেই চাঁদাবাজ-দখলদারদের বরদাস্ত করা হবে না, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

