চাঁদা না পেয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

চাঁদা না পেয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৮, ৩১ আগস্ট ২০২৬

Google News
চাঁদা না পেয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক তৌফিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি। অন্যদিকে যাবজ্জীবন সাজার তিন আসামি হলেন—আশিক, শাকিল ও মতিন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া সদরের কৈপাড়া এলাকায় হাফেজ রাকিবুল হাসান হৃদয়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করে সাদ্দাম হোসেন স্বাধীন ও তার সহযোগীরা। এ সময় হৃদয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনা চলাকালে সন্তানকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন হৃদয়ের বাবাও। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাফেজ হৃদয়।

ঘটনার পর নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

বগুড়া জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এস এম মাসুদুর রহমান জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। 

এদিকে আদালত ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত হাফেজ হৃদয়ের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের