শনিবার,

২৪ অক্টোবর ২০২৬,

৯ কার্তিক ১৪৩৩

শনিবার,

২৪ অক্টোবর ২০২৬,

৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০০, ২৪ অক্টোবর ২০২৬

Google News
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। সাজেকে অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার ভোর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এ ছাড়া খাগড়াছড়ি পৌর শহরের চেঙ্গী ব্রিজ এলাকায় দুই দফায় সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করেন অবরোধকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনও পরিবহন ছেড়ে যায়নি। তবে জেলা শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা নৈশ কোচসহ যাত্রী ও পণ্যবাহী পরিবহন বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সকাল ৯টার দিকে যানবাহনগুলো জেলা সদরে পৌঁছায়।

দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে পরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং অবস্থান করছেন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের