গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টা ৩৩ মিনিটে, চীনের সিচাংয়ের নাগকু শহরের বাচিং জেলায়, রিখ্টার স্কেলে ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ভূমিকম্পপরবর্তী পরিস্থিতি মোকাবিলায়, গুরুত্বপূর্ণ দিক্-নির্দেশনা দিয়েছেন।
সি তার নির্দেশনায় বলেন, হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য অনুসন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং আহতদের সর্বোত্তম চিকিত্সা নিশ্চিত করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, ত্রাণসামগ্রী বরাদ্দের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে, ক্ষতিগ্রস্ত জনগণকে যথাযথভাবে পুনর্বাসন করতে হবে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে হবে, এবং জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করতে হবে।
চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংও এক নির্দেশনায় বলেন, অবিলম্বে দুর্যোগের ব্যাপ্তি যাচাই করতে হবে, সর্বাত্মক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনাত করতে হবে, আহতদের চিকিত্সার ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্ত লোকজনকে যথাযথভাবে স্থানান্তর ও পুনর্বাসন করতে হবে, এবং হতাহতের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
এদিকে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জরুরি উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে একটি কার্যকরী দল পাঠিয়েছে। সিচাংয়ের স্থানীয় সংস্থাগুলোও সার্বিকভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের যথাযথভাবে পুনর্বাসন করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

