খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। বুধবার দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইলের ডাঙ্গীরপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে কর্তব্যরত খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি (সাতক্ষীরা-জ-১১-০০৯৬) ডাঙ্গীরপার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই একটি ট্রাকের (নারায়ণগঞ্জ-উ-১১-০০২৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিও দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মুন্সীগঞ্জের জিন্নাত আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকও মারা গেছেন বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া ফায়ার সার্ভিস।
খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পারভেজ হাসান বলেন, নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম

