রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সাজেক পর্যটন সড়কে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যৌথ বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। এ খবর ছড়িয়ে পড়ার পর রাত ৮টার দিকে সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণ বন্ধের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সাজেক পর্যটন সড়কে আবারও অবরোধের প্রস্তুতি নিয়েছে সংগঠন দুটি।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে জানান, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।
তবে তাদের দাবি, জেএসএসের সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানগুলোতে রয়েছেন। সংগঠনটির সশস্ত্র গ্রুপের কোম্পানি কমান্ডার চিনু মারমা ও সাইমন চাকমার নেতৃত্বে সাজেকের মাচলং এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালানো হচ্ছে।
যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, শতাধিক সাধারণ মানুষকে মৃত্যুর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘরছাড়া করা হয়েছে এবং গ্রামবাসীদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে সাধারণ জুমচাষীরা জুমে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কারের কাজে যেতে পারছেন না। এলাকার মানুষের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং জেএসএসের সশস্ত্র সদস্যদের তৎপরতা বন্ধের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠন দুটির নেতারা জানান, সংশ্লিষ্ট সশস্ত্র সদস্যদের ওই এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এদিকে অবরোধের ঘোষণার পর সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করায় পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
রেডিওটুডে নিউজ/আনাম

