পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ নিহত ৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ নিহত ৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১২, ৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ নিহত ৩

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে যশোর-খুলনা এবং যশোর-সাতক্ষীরা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবদুল মালেকের স্ত্রী আছিরন বিবি এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৪৫)।

বাসের ধাক্কায় ফুফু-ভাতিজা নিহত

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আমজেদ গাজী ও তার ফুফু আছিরন বিবি গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমজেদ তার ফুফু আছিরনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বসুন্দিয়ায় মেয়ের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে গড়াই পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন নিগার জানান, আমজেদ গাজীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত আছিরন বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪ নম্বরের গড়াই পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

পথচারী নারীকে চাপা দিয়ে এতিমখানায় বাস

অন্যদিকে, শুক্রবার সকাল ৬টার দিকে কেশবপুরে বাসের চাপায় রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। এ সময় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বাসটি যাত্রীবিহীন অবস্থায় যশোরের দিকে যাচ্ছিল। মধ্যকুল উত্তরপাড়া এলাকায় পৌঁছে বাসটি সড়কের পাশে থাকা রোকেয়া বেগমকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের বিপরীত পাশে থাকা মাদরাসা ও এতিমখানার ভবনের সামনের অংশে ঢুকে পড়ে।

এ সময় বাসের সহকারী মানিক ফকির আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।

মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা বলেন, বাসটি ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় মাদরাসায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী থাকলেও তাদের কেউ আহত হয়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেকসোনা খাতুন বলেন, এ ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি থানা হেফাজতে রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের