২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামে এ উদ্যোগ বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, ‘উদ্যোগ’ কোনো প্রচলিত প্রতিযোগিতামূলক কর্মসূচি নয়। বরং তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। তাদের ব্যবসার পরিকল্পনা, সম্ভাব্যতা ও অর্থের প্রয়োজন যাচাই করে দেওয়া হবে প্রয়োজনীয় অর্থায়ন।

ঋণের সঙ্গে অনুদান

কর্মসূচির আওতায় নির্বাচিত একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ হিসেবে দেওয়া হবে। বাকি ১০ লাখ টাকা থাকবে অনুদান হিসেবে।

গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এ অর্থায়নের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।

তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ না করলে অনুদানের অংশ সুদবিহীন ঋণে পরিণত হবে। একই সঙ্গে ঋণ হিসাব প্রচলিত নিয়মে শ্রেণিকরণ করা হবে। এতে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।

২৮ বছর পর্যন্ত তরুণরা আবেদন করতে পারবেন

কর্মসূচিতে আবেদন করার জন্য বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।

এর জন্য আগে থেকেই ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেও আবেদন করা যাবে।

কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা ও প্রযুক্তিসহ বৈধ বিভিন্ন খাতের উদ্যোগ এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।

আবেদনের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যে কোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে।

শুরু হচ্ছে ৮ জেলার ৬৪ উপজেলায়

প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলা- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় কর্মসূচিটি চালু করা হবে। এসব জেলার ৬৪টি উপজেলায় এর কার্যক্রম পরিচালিত হবে।

প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত করা হবে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায়ও কর্মসূচি সম্প্রসারণ করা হবে।


কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির মাধ্যমে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের