টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে, গত ৩০ জুন ভালো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমানো হয় তিন হাজার ৩২৪ টাকা। তার আগে ২৯ জুন একই মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমানো হয় তিন হাজার ২৬৬ টাকা। এতে দুই দিনে প্রতি ভরিতে দাম কমে ছয় হাজার ৫৯০ টাকা।
নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম দুই হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

