রোবটের ভূমিকায় অভিনয় করছেন জেনা ওর্তেগা

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

সোমবার,

২২ জুন ২০২৬,

৮ আষাঢ় ১৪৩৩

Radio Today News

রোবটের ভূমিকায় অভিনয় করছেন জেনা ওর্তেগা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ২২ জুন ২০২৬

Google News
রোবটের ভূমিকায় অভিনয় করছেন জেনা ওর্তেগা

হলিউডের তরুণ অভিনেত্রী জেনা ওর্তেগা এবার হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী চরিত্রে। রহস্য, হরর কিংবা থ্রিলার ঘরানার বাইরে গিয়ে এবার তিনি অভিনয় করেছেন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের ভূমিকায়। নতুন এই সিনেমার নাম ‘ক্লারা অ্যান্ড দ্য সান’। এই সিনেমায় ‘ক্লারা’ নামের রোবট চরিত্রেই দেখা যাবে তাঁকে। নোবেলজয়ী সাহিত্যিক কাজুও ইশিগুরোর ২০২১ সালে প্রকাশিত ‘ক্লারা অ্যান্ড দ্য সান’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। 

এটি পরিচালনা করছেন ‘থর: র্যাং করক’ ও ‘জোজো র্যা বিট’-খ্যাত নির্মাতা তাইকা ওয়াইটিটি। সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছে, যেখানে জেনা ওর্তেগার নতুন এই রূপ দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সিনেমার গল্পে দেখা যায় ক্লারা একটি সৌরশক্তিচালিত ‘কৃত্রিম বন্ধু’। অসুস্থ ও নিঃসঙ্গ এক কিশোরীর সঙ্গী হিসেবে তাঁকে কিনে আনে তাঁর মা। এরপর মানুষের আচরণ, আবেগ, ভালোবাসা এবং একাকিত্বকে নিজের দৃষ্টিতে বুঝতে শুরু করেন ক্লারা। মানুষের সঙ্গে একটি কৃত্রিম সত্তার সম্পর্ক কীভাবে গড়ে ওঠে, সেই প্রশ্নই চলচ্চিত্রটির মূল উপজীব্য।

পরিচালক তাইকা ওয়াইটিটি জানিয়েছেন, শুরুতে তিনি সিনেমাটিকে নিজের পরিচিত কমেডি ঘরানার ঢঙে নির্মাণ করতে চেয়েছিলেন। তবে চিত্রনাট্যের কাজ করতে গিয়ে উপলব্ধি করেন, উপন্যাসটির আবেগ ও গভীরতা অক্ষুণ্ন রাখতে হলে গল্পটিকে আরও সংযতভাবে বলতে হবে। ফলে এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় ও আবেগনির্ভর চলচ্চিত্রে পরিণত হয়েছে বলে মনে করছেন তিনি।

চলচ্চিত্রটির ভবিষ্যৎ পৃথিবীও বেশ ব্যতিক্রমী। ঝলমলে প্রযুক্তিনির্ভর বিশ্বের বদলে এখানে দেখানো হয়েছে এমন এক সমাজ, যেখানে প্রযুক্তি থাকলেও মানুষের জীবন থেকে ইন্টারনেট প্রায় হারিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবিক সম্পর্কের জটিল সমীকরণকে তুলে ধরা হয়েছে গল্পে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্লারা অ্যান্ড দ্য সান। তার আগে মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার সম্ভাবনাও রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের