মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ের মাংসপেশিতে টান পড়ে লিটন দাসের। চোটের চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি।
এবার জানা গেল নতুন খবর। আসন্ন জিম্বাবুয়ে সফরেও টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলবেন না লিটন। তবে এই দুই সংস্করণের মাঝে ওয়ানডে সিরিজে খেলবেন এই উইকেটকিপার-ব্যাটার।
আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট।এর আগে লিটনের পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা কম।
টেস্ট থেকে লিটন ছিটকে পড়ায় অভিষেক হতে পারে অমিত হাসানের। দলে ডাক পড়তে পারে আরেক উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
তবে ৬ জুলাই থেকে ওয়ানডে সিরিজে খেলার কথা লিটনের।
এরপর টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাকে। এর পরিবর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন তিনি। লিটনের মতো তাসকিন আহমেদও এলপিএলে খেলবেন। দুজনকেই অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘লিটন ও তাসকিন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না।
তাদের এলপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। তাদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানকেও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি দেওয়া হয়েছে।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জুলাই। এলপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে ১৭ জুলাই।
এলপিএলে লিটন ও মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। সাকিব ও তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে জাফনা কিংসে। আর হাসানকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস।
রেডিওটুডে নিউজ/আনাম

