কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজকে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের বিমান হিসেবে উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানটিকে তিনি ‘আকাশে উড়ন্ত হোয়াইট হাউস’ বলে অভিহিত করেছেন।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিমানটি পরিদর্শনের পর ট্রাম্প জানান, নতুন প্রজন্মের এয়ার ফোর্স ওয়ান বহর চালু না হওয়া পর্যন্ত এটি প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহার করা হবে। ট্রাম্প বলেন, মাত্র ১০ মাসের মধ্যে উড়োজাহাজটিকে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রেসিডেন্টের বিমানে রূপান্তর করা হয়েছে।
ট্রাম্প বলেন, বিমানটি কার্যত একটি ভাসমান হোয়াইট হাউসে পরিণত হয়েছে। এর বিলাসবহুল সুবিধা ও সক্ষমতা নজিরবিহীন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে এটিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এয়ার ফোর্স ওয়ান এবং আগের প্রেসিডেন্টদের ব্যবহৃত বিমানের তুলনায় দ্রুতগতির বলে উল্লেখ করেন।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির মূল্য প্রায় ৪০ কোটি মার্কিন ডলার। এ উপহারের জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। পরিদর্শনের সময় তিনি বিমানটির আধুনিক অভ্যন্তরীণ নকশা ও প্রযুক্তিগত সুবিধাগুলোর কথাও তুলে ধরেন।
ট্রাম্প জানান, আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক ফ্লাইওভারে বিমানটি অংশ নিতে পারে।
এদিকে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, ‘ভিসি-২৫বি ব্রিজ’ নামে পরিচিত উড়োজাহাজটি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপে যুক্ত হয়েছে। পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণের আগে এটি কয়েকটি কমিশনিং ফ্লাইট সম্পন্ন করবে।
বিমানটিতে নতুন লাল, সাদা ও নীল রঙের নকশা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্টের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সরকারি পরিবর্তনও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী।
রেডিওটুডে নিউজ/আনাম

