ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথ নতুন করে আলোচনায় এসেছে, এবার কারণ এক চমকপ্রদ মন্তব্য—আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ব্রাজিল দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি এক অনুষ্ঠানে হাস্যরসের ছলে বলেন, মেসিকে কি ব্রাজিল দলে নেওয়া যায় কি না—আমি সেটা ভাবছি।
মূলত বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সেই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জয় পেতে ব্যর্থ হয়। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে।
লুলা আরও বলেন, ব্রাজিলকে ঘিরে এক ধরনের জনশ্রুতি আছে—যখনই সবাই তাদের নিয়ে সন্দেহ প্রকাশ করে, তখনই দলটি ঘুরে দাঁড়িয়ে বড় সাফল্য পায়। তিনি বলেন, দেখা যাক এবার কী হয়।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফুটবল ভক্তদের মধ্যে হাস্যরস ও আলোচনার জন্ম দেয়। অনেকে বিষয়টিকে নিছক কৌতুক হিসেবে দেখলেও, ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতার আবেগ আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে।
বিশ্ব ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথ দীর্ঘদিনের, আর এই দুই দলের তারকা খেলোয়াড়দের ঘিরে ভক্তদের আবেগও সবসময়ই তুঙ্গে থাকে। ফলে লুলার মন্তব্য সেই পুরোনো প্রতিদ্বন্দ্বিতাকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

