চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের ছেলে ও গায়ক এ আর আমিন। বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে সোমবার (১০ আগস্ট) ভোরে একটি ক্যাবের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আমিন ও তার এক বন্ধু সামান্য আহত হন। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসা শেষে দুজনকেই ছেড়ে দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভোর সাড়ে ৩টার দিকে আমিন ও তার বন্ধু চেন্নাইয়ের জওহরলাল নেহরু রোড দিয়ে গুইন্ডির দিকে যাচ্ছিলেন। অলিম্পিয়া টেক পার্কের কাছে একটি পাশের সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় তাদের গাড়ির সঙ্গে একটি ক্যাবের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। আমিন ও তার বন্ধুকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তাদের আঘাত গুরুতর নয়। পরে দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ক্যাবে থাকা এক যাত্রীও আহত হন। তাকে কালাইনার সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসা শেষে তিনিও বাড়ি ফিরেছেন।
এখন পর্যন্ত দুর্ঘটনায় কারও গুরুতর বা প্রাণঘাতী আঘাতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং। তদন্তকারীরা দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রীদের বক্তব্যও নেওয়া হচ্ছে। এ আর আমিন সংগীতশিল্পী হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে হিসেবে পরিচিতির পাশাপাশি বাবার সঙ্গে বিভিন্ন সংগীতানুষ্ঠান ও প্রকল্পেও কাজ করেছেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

