দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন, যাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৪ জন। সব মিলিয়ে গত ৮৭ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে। এদের মধ্যে ৬৬ হাজার ৯৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৮৫৩ জনসহ এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

