আন্তর্জাতিক বাণিজ্যে সীমান্তপারের পণ্য পরিবহন নথির ব্যবহার ও অর্থায়ন সহজ করতে জাতিসংঘের ‘নেগোশিয়েবল কার্গো ডকুমেন্টস কনভেনশন’-এ সোমবার প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে যুক্ত হয়েছে চীন, ঘানা ও আরও ২৪টি দেশ। ঘানার রাজধানী আক্রায় আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে দেশগুলো সনদে স্বাক্ষর করে। অনুষ্ঠানে চীন সরকারের পক্ষে সনদে স্বাক্ষর করেন দেশটির উপ বাণিজ্যমন্ত্রী চিয়াং ছেংহুয়া।
চিয়াং ছেংহুয়া বলেন, এ প্রাতিষ্ঠানিক উদ্ভাবন আন্তর্জাতিক বিধিব্যবস্থার একটি শূন্যতা পূরণ করেছে। পাশাপাশি সীমান্তপারের পরিবহন নথি-সংশ্লিষ্ট লেনদেনের অর্থায়নের জন্য একটি আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করেছে।
তিনি বলেন, এই সনদ আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কার্যকরভাবে কমাবে এবং সীমান্তপারের স্থলবাণিজ্যে লেনদেন ব্যয় হ্রাস করবে। এর মাধ্যমে বিশ্ববাণিজ্যের উচ্চমানের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলেও তিনি উল্লেখ করেন।
চীন সব স্বাক্ষরকারী দেশের সঙ্গে কাজ করে যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশের অভ্যন্তরীণ অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুত বলে জানান চিয়াং। তিনি আশা প্রকাশ করেন, আরও দেশ সনদটিতে যুক্ত হবে এবং এর সুফল আরও বেশি দেশে পৌঁছাবে। এতে বিশ্ববাণিজ্যের সমৃদ্ধি ও বিশ্বের মানুষের কল্যাণে অবদান রাখবে বলে তিনি মন্তব্য করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে ৬০-টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নেন। চীনের উদ্যোগে ও নেতৃত্বে প্রণীত এ সনদটি ২০২৫ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে গৃহীত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

