বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতার মধ্যেও নির্ভরযোগ্য অংশীদারদের কাছে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
মস্কোর ক্রেমলিনে এক বৈঠকে পুতিন বলেন, চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রুশ কোম্পানিগুলোর উচিত বর্তমান বাস্তবতা থেকে সুযোগ নেওয়া এবং তাদের বাজার সম্প্রসারণ করা।
তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে পরিবহননির্ভর তেল উৎপাদন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
পুতিন আরও বলেন, ইউরোপ যদি রাজনীতি বাদ দিয়ে দীর্ঘমেয়াদি ভিত্তিতে কাজ করতে চায়, তাহলে রাশিয়া তাদের সঙ্গেও জ্বালানি সরবরাহে প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে তিনি জানান, “রাশিয়া নির্ভরযোগ্য অংশীদারদের কাছে জ্বালানি সম্পদের সরবরাহ অব্যাহত রাখবে।”
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় মজুতও রয়েছে দেশটির কাছে। বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে রাশিয়ার জ্বালানি সরবরাহ বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

