সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের ভিডিও ও ছবিতে বিমানবন্দরের কাছে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একপর্যায়ে জ্বালানি ট্যাংকের মতো স্থাপনার পেছন থেকে আগুনের শিখাও দেখা যায়।
তবে আগুনের সঠিক কারণ এবং এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদ ও আল-খারজ এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছিল। পরে শনিবার সকালে সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক থাকার ঘোষণা দেওয়া হয়।
এদিকে, ইয়েমেনের হুতি আন্দোলনের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ার মধ্যেই বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়ার ঘটনা ঘটল। তবে আগুনের সঙ্গে হুতিদের হামলা বা ওই সতর্কতার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

