রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

রোববার,

০১ নভেম্বর ২০২৬,

১৭ কার্তিক ১৪৩৩

Radio Today News

ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১১, ১ নভেম্বর ২০২৬

Google News
ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

ইসরায়েলে ইহুদি ও আরব দলগুলোর অংশীদারত্বে সরকার গঠনের দাবিতে তেল আবিবে প্রায় ২ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবারের (৩১ অক্টোবর) এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাবিমা স্কয়ার থেকে ইবন গাবিরোল সড়ক হয়ে মিছিল নিয়ে রাবিন স্কয়ারে পৌঁছান। সেখানেই সমাবেশের সমাপ্তি হয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ড্রাম বাজিয়ে মিছিলে অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’।

এ সময় তারা হিব্রু ভাষায় স্লোগান দেন, ‘অংশীদারত্ব ও সমতার মাধ্যমে আমরা বর্তমান সরকার পরিবর্তন করব।’ মিছিলের অন্য অংশে অংশ নেয়া বিক্ষোভকারীরা আরবি ভাষায় স্লোগান দেন, ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার।’ এর আগে জেরুজালেমের প্যারিস স্কয়ারেও তুলনামূলক ছোট পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো মোট ৬৭টি আসনে জয় পেয়েছে। জায়নবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলোর আসনসংখ্যা ৪৮। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল।

একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী শিবিরের সম্ভাব্য প্রধানমন্ত্রী আইজেনকোটের সরকার গঠনের পথ জটিল হয়ে পড়েছে। অন্যদিকে বিদায়ী জোট ৫৩টি আসন পেলেও নেতানিয়াহুর পক্ষেও সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। ফলে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করছে নতুন সরকারের নেতৃত্বে কে আসবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের