জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অন্য তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়া শহর সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
একই সঙ্গে চার আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।
রেডিওটুডে নিউজ/আনাম

