বাংলাদেশ ও জাপানের মাঝে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার সেনানিবাসে এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর – আইএসপিআর।
আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এই চুক্তিটি স্বাক্ষর সম্ভব হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি, এবং সহযোগিতার প্রতিফলন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনীতির ফলে অর্জন করা সম্ভব হয়েছে।
এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে, এমন আশাবাদ ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে জাতিসংঘ সনদের নীতিগুলোর সাথে সম্পূর্ণ সঙ্গতি রেখে চুক্তিটি সম্পাদন করা হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।
পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

