ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘থ্রেট’ (নিরাপত্তা হুমকি) নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।
আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় নিয়ে পুলিশের নিরাপত্তা কৌশল এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে।’
তিনি জানান, ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কম গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবেন ৪ জন এবং সাধারণ কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ৩ জন পুলিশ সদস্য।
ডিএমপি প্রধান আরও বলেন, ‘নির্বাচনের দিন পুলিশের সব কটি ইউনিট মাঠে কাজ করবে।’ পুলিশ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে। কোনো রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করবে না।’
রেডিওটুডে নিউজ/আনাম

