নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর এলাকায় গণঅধিকার পরিষদের এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে দেশের মানুষ আমূল পরিবর্তন চায়। খবরদারির রাজনীতি জনগণ আর বরদাশত করবে না। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আগামীতে স্থানীয় নির্বাচনেও আবার আপনাদের জনগণের কাছেই ভোট চাইতে যেতে হবে। তাই মনে রাখবেন, জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি বা মন্ত্রী হয়েছেন বলে যদি আপনাদের আচরণে অহংকার আসে বা স্বভাব পরিবর্তন না হয়, তবে ব্যালটের মাধ্যমেই মানুষ তার জবাব দেবে।
একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করে নূর বলেন, যেখানে সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে এবং আইনের চোখে সবাই সমান হবে।
সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগে ভিজিএফ ও বয়স্ক ভাতার মতো সহায়তাগুলো যেন প্রকৃত ভুক্তভোগীরা পায়, সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। অনেক সময় স্বচ্ছল ব্যক্তিরা এসব সুবিধা ভোগ করছেন এমন অভিযোগ পাওয়া যায়, যা কোনোভাবেই কাম্য নয়।
প্রয়োজনে এসব অনিয়ম রোধে ইউএনওকে অবগত করার পরামর্শ দেন তিনি।
পথসভায় মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

