‘অপারেশন গজব লিল হক’ নামে বড় পরিসরের সমন্বিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানি কর্মকর্তাদের ভাষ্য, আফগান তালেবান শাসনের উসকানিবিহীন আগ্রাসনের জবাবে এই অভিযান চালানো হচ্ছে।
নিরাপত্তা সূত্রের দাবি, কাবুল, কান্দাহার, পাকতিয়া, পাকতিকা ও সীমান্তবর্তী বিভিন্ন সেক্টরে আফগান তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও স্থলপথে হামলা চালানো হয়েছে। এতে আফগান পক্ষের ব্যাপক হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে ৭৪টি তালেবান চৌকি ধ্বংস করা হয়েছে এবং আরও ১৮টি চৌকি দখলে নেওয়া হয়েছে। খবর: আল-জাজিরার।
পাক-আফগান সীমান্তের ওয়ালি খান সেক্টরে একটি আফগান পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খারলাচি টার্মিনালে কয়েকটি তালেবান পোস্ট ধ্বংস করা হয়েছে। এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তানে ‘দাউদ পোস্ট’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
নিরাপত্তা সূত্রের ভাষ্য, খাইবার পোস্ট, ন্যাশনাল হেডকোয়ার্টার্স কমপ্লেক্স এবং খোয়ার পোস্টেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি সেক্টরে তালেবান বাহিনীর সামনের সারির প্রতিরক্ষা লাইন কার্যত ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে’ বলেও দাবি করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

