উদয়পুরে রাজকীয় বিয়ের পর স্বামী–স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে এলেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বুধবার হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দর–এ ক্যামেরাবন্দী হন নবদম্পতি। এই মুহূর্ত ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।
বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়–রাশমিকা। এরপর পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা।
রাশমিকার মুখে ছিল স্পষ্ট নববধূর আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। সব মিলিয়ে যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা।
স্বামী–স্ত্রী হিসেবে প্রথম প্রকাশ্যে আসার দিনে দুজনেই বেছে নেন পরিমিত ও মার্জিত পোশাক। বিজয় পরেছিলেন স্যাটিন সাদা কুর্তা–পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। অন্যদিকে লাল রঙের সোনালি কারুকাজ করা হাই–কলার অনারকলি স্যুটে নজর কাড়েন রাশমিকা। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারও নজর না লাগুক।’ আরেকজনের মন্তব্য, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছেই মনে হচ্ছে, বিজয়–রাশমিকার সুখ যেন পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে।
এর আগে বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি লেখেন, ‘একদিন ওকে খুব মনে পড়ছিল। মনে হচ্ছিল, ও পাশে থাকলে দিনটা আরও সুন্দর হতো। বুঝলাম, ও-ই আমার ঘর, আমার শান্তি। তাই আমার সবচেয়ে কাছের বন্ধুকেই বানালাম আমার স্ত্রী।’
পোস্টের শেষে তিনি যোগ করেন—২৬ ফেব্রুয়ারি ২০২৬, যা তাদের নতুন জীবনের শুরুর দিন।
উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদ–এ অনুষ্ঠিত হবে জমকালো রিসেপশন। তার আগেই স্বামী–স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মনে তৈরি করল নতুন উচ্ছ্বাস ও আবেগ।
রেডিওটুডে নিউজ/আনাম

